সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লিমন হোসেন (১০) ও মানিক হোসেন (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ী কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
লিমন পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে।
তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসা থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ খবরের কাগজকে বলেন, ‘সকালে স্থানীয়দের খবরে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
তিনি বলেন, ‘সোমবার (১৩ মে) বিকেলে শিশু দুটি বাচ্চু মার্কেটের পাশে খেলাধুলা করছিল বলে জানিয়েছে তাদের পরিবার। পরে শিশু দুটি বাসায় না ফিরলে রাত ১০টার দিকে খোঁজাখুঁজি শুরু করেন তারা। শিশু দুটির বাবা-মা বাইরে কাজে থাকায় তারা রাতে বিষয়টি জানতে পারেন।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম ও তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইমতিয়াজ/পপি/