শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্প ও ব্যবসার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান লিড নেশন একাডেমি (এলএনএ)।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম। শিল্প ও শিক্ষা ক্ষেত্রের মধ্যকার ব্যবধান কমিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতে প্রতিষ্ঠিত করপোরেট ও উদ্যোক্তা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন চালডাল পিএলসি’র প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) জিয়া আশরাফ। তিনি এলএনএ’র সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীদের কাস্টমার এক্সপেরিয়েন্স বিষয়ে প্রশিক্ষণ দেবেন বলে জানান।
সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজিব উদ্যোক্তা ধারণা, স্টার্টআপ মডেল, পার্সোনাল ব্র্যান্ডিং ও ক্যারিয়ার গ্রোথ বিষয়ে আলোচনা করেন।
রবির সহযোগী প্রতিষ্ঠান অ্যাক্সেনটেক পিএলসি’র সিনিয়র জেনারেল ম্যানেজার ইস্তিয়াক আহমেদ ভূঁইয়া জানান, তিনি টেকনোলজি ইন বিজনেস নিয়ে ক্লাস নেবেন।
একসঙ্গে অ্যাক্সেনটেক পিএলসি’র ব্র্যান্ড ও কমিউনিকেশন প্রধান মুনাফ মুজিব চৌধুরী ডিজিটাল টুলস ব্যবহারে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন বলে জানান ।
মধুমতি ব্যাংক পিএলমি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনাওয়াজ চৌধুরী অপারেশনস অ্যান্ড ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন।
অন্যদের মধ্যে ই-কুরিয়ার লিমিটেডের সিইও বিপ্লব জি. রাহুল প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং বিষয়ে প্রশিক্ষণ দেবেন। একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) এবং ব্র্যান্ডগিয়ার লিমিটেডের সিইও সৈয়দা উম্মে সালমা ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ে পাঠদান করবেন বলে জানান।
বক্তারা বলেন, ‘শুধু একটি কোর্স নয়, আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি মানসম্পন্ন প্রোগ্রাম তৈরি করা, যার ফলে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো বলবে - এলএনএ থেকে সার্টিফিকেটপ্রাপ্ত মানেই তিনি দক্ষ প্রার্থী।’
লিড নেশন একাডেমির সহ-প্রতিষ্ঠাতা মীর হাসিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলএনএ’র প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাইয়ুম রুমি, ইক্রামুল হক সতেজ ও জিন্নাত আরা ঋতু।
অনুষ্ঠানের এক পর্যায়ে লিড নেশন একাডেমির মেন্টরদের সঙ্গে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আরিফ সাওন/