নাটোরের নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়নের শ্যামনগর এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বারনই নদীর পাড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে শ্যামনগর ও পিঁপরুল মধ্যপাড়া এলাকার ওই বাঁধে ধস দেখা যায়।
স্থানীয়রা জানান, ধস অব্যাহত থাকলে চলাচল বন্ধসহ নদীর পানিতে তলিয়ে যাবে অনেক গ্রাম। এতে ক্ষতির মুখে পড়বেন হাজারো গ্রামবাসী। দ্রুত ধস বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা দীপক জানান, বাঁধের এই সড়ক দিয়ে আশপাশের প্রায় ৫০-৬০ গ্রামের মানুষ চলাচল করেন। নিয়মিত চলে বিভিন্ন মালবাহী ও যাত্রীবাহী যান। এ ছাড়া বাঁধের আশপাশে বহু মানুষের বসবাস। সম্প্রতি বাঁধের সড়কটি সম্প্রসারণ করার জন্য বেশকিছু গাছ কাটা হয়। নতুন করে গাছ লাগানোও হয়েছে। বাঁধের ধস বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক খবরের কাগজ-কে জানান, খবর পেয়ে তিনিসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁধের পাড়ে গাছের গোড়াসহ কিছু মাটি সরে ধস সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলজিইডিকে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী জানান, তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।