চাঁদপুর জেলার কচুয়া এলাকায় বাগবিতণ্ডার জেরে চাচাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্নগোপনে চলে যায় ভাতিজা শরীফ ও তার মা। একবছর পর নগরের পাহাড়তলী এলাকায় র্যাব-৭ এর অভিযানে ধরা পড়েন তারা।
শুক্রবার (২০ অক্টোবর) র্যাব-৭ এরএর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন, শরিফ হোসেন (২০) ও ফাতেমা বেগম (৩৮)।
র্যাব জানায়, গত বছরের ২ সেপ্টেম্বর ফারুক হোসেন তার ভাতিজা শরিফকে কাজে যেতে বলেন। এ সময় চাচা ভাতিজার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। শরীফের মা ফাতেমা ছেলেকে উস্কানি দিলে একপর্যায়ে শরিফ ক্ষিপ্ত হয়ে চাচা ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ফারুককে রাজধানীর হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ফারুকের স্ত্রী চাঁদপুর জেলার কচুয়া থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, খুন করে এসে তারা মা-ছেলে নগরের পাহাড়তলী থানার ঝর্ণাপাড়া এলাকায় দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় ওঠে। ফাতেমা নিজের নাম পরিবর্তন করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আয়ার কাজ করছিল। আর শরিফ ড্রাইভিংয়ের কাজ শিখছিল। গতকাল ১৯ অক্টোবর বিকালে পাহাড়তলীর বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চাঁদপুর জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএ/