ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার (১৭ নভেম্বর) চট্টগ্রামে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতেই বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় প্রায় তিন ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। তবে শনিবার (১৮ নভেম্বর) থেকে আবহাওয়া স্বাভাবিক হবে এবং শীত নামতে পারে।
বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বারৈপাড়া, চেয়ারম্যান ঘাটা এবং আশপাশের এলাকায় হাঁটু সমান জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে পানি বাড়তে থাকে। তবে ভোর থেকে ধীরে ধীরে পানি জমা শুরু হয়েছিল। ছুটির দিন হওয়ায় অনেকে বাসা থেকে বের হননি। আবার দুর্গন্ধযুক্ত ময়লা পানির কারণে অনেকেই শুক্রবারের জুমা পড়তেও বের হতে পারেননি। নিচতলার বাসিন্দাদের অনেকের রান্নার চুলা জ্বলেনি। নগরীর বাকলিয়া, রাহাত্তারপুল, বাদুরতলা, বড় গ্যারেজসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া শহরের আগ্রাবাদ, হালিশহর এলাকার নিচু জায়গাগুলোতে পানি জমেছে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘হঠাৎ বৃষ্টিতে শহরের কিছু নিচু এলাকায় পানি জমার অন্যতম কারণ হলো বাধা। মূলত, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলার কারণে শহরের অনেক খাল-নালায় বাঁধ তৈরি হয়েছে। এসব বাঁধ পানি নিষ্কাশনব্যবস্থাকে বাধাগ্রস্ত করেছে। তবে এই সমস্যা দীর্ঘায়িত হবে না। যেখানে পানি বাধা পাচ্ছে সেখানেই সিটি করপোরেশনের লোকজন গিয়ে বাধা অপসারণ করে দিচ্ছেন।’ এই পানি দ্রুত নেমে যাচ্ছে বলে তিনি জানান।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতের পর থেকে বৃষ্টি কমে যাবে। শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে এবং শীত নামবে বলে তিনি উল্লেখ করেন।
এআর