চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়। ওই যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। তিনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ও স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কর্মী বলে জানা গেছে।
রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে খুলশী থানাধীন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন। এ সময় শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২) নামে দুজন গুলিবিদ্ধ হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, ‘সকালে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাদের গোলাগুলিতে দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’
খুলশী থানার অধীনে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে মোট ১১ হাজার ১৫৩ জন ভোটার রয়েছে। জানা গেছে, সকাল থেকে ভোটকেন্দ্রটির আশপাশে অবস্থান করছিল উভয়পক্ষের কর্মীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইট-পাটকেলও নিক্ষেপ করেন। পরে উভয়পক্ষের গোলাগুলিতে দুইজন আহত হন। বর্তমানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
তারেক মাহমুদ/ইসরাত চৈতি/অমিয়/