চট্টগ্রামে নির্দেশ অমান্য করে রেটিনা, উন্মেষসহ বেশ কয়েকটি মেডিকেল ভর্তি কোচিং তাদের কার্যক্রম চালু রাখায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এসব কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কর্তৃপক্ষকে সতর্ক করে অনলাইন-অফলাইনসহ সব ধরনের কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আগামী ৯ ফেব্রুয়ারি। এ ভর্তি পরীক্ষা ঘিরে দেশের সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান খবরের কাগজকে বলেন, মেডিকেল ভর্তি পরিক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী সব মেডিকেল কোচিং সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখতে হবে। কোনো কোচিং সেন্টার মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পূর্বে অনলাইন বা অফলাইন; যেকোনো ধরনের কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কোচিং সেন্টারগুলো জেলা প্রশাসনকে জানিয়েছে অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ রাখা হবে। এ বিষয়ে মনিটরিং করতে চকবাজার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ করা হয়েছে।
মনির/জোবাইদা/অমিয়/