তারের জঞ্জালে ম্লান হওয়া চট্টগ্রামের সৌন্দর্য ফেরাতে ১৬ ফেব্রুয়ারি থেকে নগরীর তিনটি ওয়ার্ডে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (১৫ জানুয়ারি) নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে ডিশ ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সংগঠনসহ প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সভায় মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ভূগর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি ও ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে ডিশ ও ইন্টারনেট ক্যাবল সঞ্চালনের বিষয়ে সভায় উপস্থিত আমরা সবাই একমত। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৬ ফেব্রুয়ারি থেকে লালখান বাজার, বাগমনিরাম ও জামালখান ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। এই প্রকল্প সফল হলে পরে অন্যান্য ওয়ার্ডে এই কার্যক্রম প্রসারিত করব আমরা।
সভায় উপস্থিত ছিলেন- নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি এবং ২১নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১৪নং লালখান ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, পরিবশে উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য ও ৭নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য-সচিব ও করপোরেশনের সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সহকারী নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়াসহ ক্যাবল অপারেটর অব বাংলাদেশ-এর প্রতিনিধিরা।
ইফতেখারুল/পপি/অমিয়/