বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে নৌবাহিনীর এক সদস্যসহ সাতজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় আনোয়ারা প্রান্তে টানেল সড়কের বৈরাগ মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- নৌবাহিনী সদস্য গাজী মাহবুব রহমান রনি, গাড়ির যাত্রী আলী মুর্তুজা (২৭), রাশেদুল করিম (২৮), ফারহানা আক্তার (২৬), মুন্না (২৫), কাঞ্চি (২২) ও মাইক্রোবাসচালক রুবেল (৩০)।
জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের চালক গাড়িটি নৌবাহিনীর সেন্ট্রি পোস্টে সরাসরি আঘাত করে। এ সময় দায়িত্বরত নৌবাহিনী সদস্য মাহবুব রহমান রনি মাথায় আঘাত পান। বর্তমানে তিনি পতেঙ্গায় নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন। এতে মাইক্রোটি উল্টে দুমড়ে-মুচড়ে চালকসহ ছয়জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার খবরের কাগজকে বলেন, টানেলে সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ খবরের কাগজকে বলেন, গাড়িটি সড়কের উপর থেকে সরানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তারেক মাহমুদ/অমিয়/