চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি সদস্যকে গুলি করার চেষ্টাকালে চারজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, খামারের গরুর জন্য নিজের জমিতে করা চাষের ঘাস কাটতে বাধা দেওয়ায় কেঁওচিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল মন্নানকে গুলি করার চেষ্টা করে কয়েকজন। এ সময় বন্দুকসহ চারজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
ইউপি সদস্য আবদুল মন্নান কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ী এলাকার মৃত কালু মিয়ার ছেলে। গ্রেপ্তাররা হলো- ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আলমগীরপাড়ার ফয়সাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ সানজিদ, ৫নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার শাহাদত হোসেন মিশু ও জাসেদ বিন সাদেক।
বিষয়টি নিশ্চিত করেছেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান আলী।
সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান জানান, ইউপি নির্বাচনে বিজয়ী না হওয়ায় নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করার চেষ্টা করছিলেন তিনি। এ জন্য গরুর খামার করতে গরু কিনে লালন-পালন শুরু করেন। গরুর জন্য ৮০ শতক জমিতে ঘাসের চাষ করেছেন। কয়েকদিন ধরে কে বা কারা যেন তার চাষ করা ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ঘাস চুরির খবর পেয়ে তিনি গিয়ে দেখতে পান ফয়সাল নামে একজন তার চাষের ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে।
এ সয়ম তাকে নিষেধ করলে তিনি তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মন্নান তাকে চড় মারলে সে আরও ১০-১২ জনকে ডেকে নিয়ে আসে। পরে ৩-৪টি অস্ত্র নিয়ে আসা ওই যুবকরা সাবেক ইউপি সদস্য মান্নানকে ধাওয়া করতে থাকেন। ধাওয়া খেয়ে তিনি একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অস্ত্রধারীসহ ৭-৮ জন পালিয়ে যায় কিন্তু একটি দুই নলা কাটাবন্দুকসহ চারজন যুবক ধরা পড়েন। স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে ফয়সাল উদ্দিনের বাড়ি আলমগীরপাড়া এলাকায়। তার বাবা হারুনুর রশিদের একটি গরুর খামার আছে। ওই খামারের গরুর জন্য বিনা অনুমতিতে অন্যায়ভাবে ঘাস কাটছিল সে। এ সময় সাবেক ইউপি সদস্য মান্নান তাকে চড় মারলে ফয়সাল ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া তুর্কি বাহিনীর সদস্যদের খবর দিলে তারা অস্ত্র নিয়ে মেম্বারকে গুলি করতে উদ্যত হলে স্থানীয়রা সন্ত্রাসীদের অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।’
মনির/ইসরাত চৈতি/অমিয়/