চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় একটি এলজি, দুই রাউন্ড গুলি ও ছোরাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে দশটায় নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার শৌচাগারের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক।
তিনি জানান, রাত নয়টার দিকে পুলিশের একটি দল আমতলা মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কোতোয়ালির পুরাতন রেলওয়ে স্টেশনসংলগ্ন গ্রামীণ মাঠ গণশৌচাগারের আড়ালে খালি জায়গায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই-ডাকাতি করার জন্য অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২-১৩ জন সেখানে থাকলেও আটক করা সম্ভব হয়েছে পাঁচজনকে। বাকিরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও চারটি স্টিলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।
আটকরা শহরের বাণিজ্যিক এলাকা রিয়াজউদ্দিন বাজারের ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীসহ পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তুতি নিচ্ছিল। তারা সংঘবদ্ধভাবে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা, রাত ও ভোর বেলায় স্টেশনের ট্রেনযাত্রী, বাসযাত্রী ও পথচারীদের অস্ত্র, গুলি ও চাকু ছোরার ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনা ও সেই অনুযায়ী কাজ করছিল। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় এক নম্বর আসামির বিরুদ্ধে ১১টি, দুই নম্বর আসামির বিরুদ্ধে পাঁটি মামলা, তিন নম্বর আসামির বিরুদ্ধে চারটি ও চার নম্বর আসামির বিরুদ্ধে দুইটি এবং পাঁচ নম্বর আসামির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মনির/জোবাইদা/