মিয়ানমারে চলমান সংঘাতময় পরিস্থিতিতে টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে কোস্টগার্ড।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাজিদ।
কমান্ডার মাজিদ বলেন, ‘পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশের উপকূলবর্তী সীমানায় যাতে বিরূপ প্রভাব না পড়ে, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে কোস্টগার্ড। সম্প্রতি মিয়ানমারের জান্তাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে অব্যাহত সংঘাত ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী উপকূলের বাসিন্দারা। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে মানবপাচার, চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশসহ নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমারে চলমান সংঘাতে সমুদ্রে সার্বক্ষণিক টহল-জাহাজ মোতায়েনসহ টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত দিন-রাত নিয়মিত অত্যাধুনিক হাইস্পিড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে কোস্টগার্ড। এ ছাড়াও টেকনাফ, শাহপরী, বাহারছড়া ও সেন্টমার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের মানুষের জানমালের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ড সদাপ্রস্তুত রয়েছে।’
শাহীন/পপি/অমিয়/