মায়ানমারের রাখাইনে জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। কিন্তু এই সংঘর্ষের রেশ উড়ে আসছে কক্সবাজার সীমান্তে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ও হ্নীলা ইউনিয়নের সীমান্ত এলাকার স্থানীয় লোকজন কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন। কিছুদিন বন্ধ থাকলেও ফের কয়েকদিন ধরে মর্টারশেলের ভারী আওয়াজের কারণে সীমান্ত এলাকায় লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
শনিবার (২ মার্চ) টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ার পূর্বে মায়ানমারে কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা।
হ্নীলার সাবেক ছাত্রলীগ নেতা তারেক মোহাম্মদ রনি বলেন, ‘গতকাল বড় বড় মর্টারশেলের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকার বাড়িঘর। শনিবার সকালে আমরা হাঁটার জন্য বের হই, হঠাৎ চোখে পড়ে হ্নীলা চৌধুরীপাড়ার পূর্বে মায়ানমার বলি বাজার নামক এলাকার সীমান্তে আগুনের কালো ধোঁয়া। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মি মায়ানমারে ঘাঁটি দখল করেছে।’
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ বলেন, ‘মায়ানমারের ওপারে গতকাল (শুক্রবার) সারা রাত থেমে থেমে চলছিল মর্টারশেল ও গোলাগুলি। সকালেও সেটি থেমে থেমে চলমান ছিল। হ্নীলা চৌধুরীপাড়ার পূর্বে মায়ানমারে কালো ধোঁয়া দেখা যায়। বলতে পারছি না কখন শেষ হবে এ সংঘাত। দিন দিন আরও বাড়ছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে। মানুষ সব সময় আতঙ্কে রয়েছে।’
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছে এবং সীমান্ত নিরাপদে রাখতে বিজিবি রাত-দিন কাজ করছে।’
শাহীন/জোবাইদা/অমিয়/