চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) হকারমুক্ত যে রাস্তা ও ফুটপাত করেছে সেটি যেন স্থায়ী থাকে। হকারদের কারণে ব্যবসা পরিচালনায় সমস্যা হয়। কাজেই হকারমুক্ত, সুষ্ঠু ও সুন্দর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
সোমবার (৪ মার্চ) নগরের নিউমার্কেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে চট্টগ্রামের দোকান-মালিক সমিতির নেতারা।
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, রাস্তা ও ফুটপাত পথচারীর চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ক্রেতারা যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মার্কেটে আসতে পারে সেজন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আবারও যদি রাস্তা-ফুটপাতে হকারদের বসতে দেওয়া হয় তাহলে চট্টগ্রামের সব ব্যবসায়ীকে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
বাংলাদেশ দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদ আলম বলেন, আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা করতে চাই। যত্রতত্র হকারদের বসার কারণে মার্কেটে আসা ক্রেতাদের অসুবিধায় পড়তে হয়। যদি হকাররা আবারও রাস্তা-ফুটপাত দখল করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এ সময় উপস্থিত ছিলেন দোকান-মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এম এ সোলাইমান, তামাকুমণ্ডি লেইন দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ দুলাল, রিয়াজুদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সালামত আলী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আমিন ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ছগীর প্রমুখ।
এস এম ইফতেখারুল/জোবাইদা/অমিয়/