হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে গতকাল মঙ্গলবার বরিশাল, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামে শিশু, শিক্ষার্থী ও পুরোহিতের মৃত্যু হয়েছে। বরিশাল, নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম থেকে পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়-
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের স্নানোৎসবে ব্রহ্মপুত্র নদের পানিতে নেমে রাজদীপ দাস (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে লাঙ্গলবন্দে রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাজদীপ চট্টগ্রামের পটিয়া উপজেলার উজ্জ্বল দাসের ছেলে। নৌ-পুলিশের পুলিশ সুপার মিনা মাহমুদ জানান, শিশুটি তার পরিবারের সঙ্গে স্নানোৎসবে আসে। এ সময় ভিড়ে সবার অজান্তে শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ব্রহ্মপুত্র নদ থেকে ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশাল: বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগরে পুণ্যস্নানে এসে পানিতে ডুবে মনদীপ মণ্ডল নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপাশা দুর্গাসাগর পর্যটনকেন্দ্রের দীঘিতে এ ঘটনা ঘটে। মৃত মনদীপ মণ্ডল নগরীর ২১ নম্বর ওয়ার্ড অক্সফোর্ড মিশন রোডের ঘোষ বাড়ির সাগর মণ্ডলের ছেলে। সে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর দক্ষিণ ফায়ার সার্ভিসের টিম লিডার মীর শাহবুদ্দিন। মনদীপের মা চম্পা মণ্ডল জানান, তার স্বামী সাগর মণ্ডল দুই ছেলেকে নিয়ে পুণ্যস্নানে দুর্গাসাগর দীঘিতে নামেন। স্নান শেষে ওঠার সময় মনদীপকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীঘি থেকে মৃত অবস্থায় মনদীপকে উদ্ধার করে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পাড়ে অষ্টমীর স্নানোৎসবে এসে রসিক চাঁদ ঠাকুর (৬০) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। মৃত রসিক চাঁদ ঠাকুর লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা। জেলা পূজা উদযাপন কমিটি জানায়, গত সোমবার রাত ১০টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ওই পুরোহিত। পরে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিলমারী মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, হাসপাতালে নেওয়ার আগে ওই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।