কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহেদ আলী (৮) ও তানজিদা আফরিন শেফা (১৩) এবং সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) পৃথক সময়ে এই দুটি ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে গড়াই নদে গোসল করতে নেমে শাহেদ ও শেফার মৃত্যু হয়।
এরমধ্যে শাহেদ আলী জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তানজিদা আফরিন শেফা কুমারখালী উপজেলার শেরকান্দী গ্রামের মো. শামীমের মেয়ে। তারা দুজন মামাতো-ফুফাতো ভাইবোন।
শেফার বাবা শামীম জানান, তার স্ত্রী ও মেয়ে ঈদের পরের দিন শেফার মামারবাড়িতে বেড়াতে যায়। পরে আজ দুপুরে মোবাইলে ফোনে তার মেয়ের পানিতে ডুবে মৃত্যুর খবর পান।
শাহেদের বাবা আলমগীর জানান, দুপুরের দিকে তার ছেলে শাহেদের সঙ্গে শেফা বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। তারা দুজন পানিতে নামার পর প্রথমে শাহেদ আলী পানিতে তলিয়ে যায়। এ সময় শেফা তাকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস দুইজনকেই মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের স্বজনদের এ বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় দুইজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে গিয়ে আলিফ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখি এলাকায় এই ঘটনা ঘটে।
মিলন উল্লাহ/জোবাইদা/অমিয়/