কুমিল্লার তিতাস উপজেলায় গোমতী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি সেতু ভেঙে গেছে। এতে উপজেলার নারানন্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নসহ ১৫ গ্রামের লোকজনের স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (২৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। তিনি জানান, বুধবার দুপুরে বাল্কহেডের ধাক্কায় সেতুটি ভেঙ্গে পড়ে। এরপাশেই গোমতী নদীর উপর নতুন সেতু হচ্ছে। এলাকাবাসীর সুবিধার্থে এই সেতুটি চালু করা হয়েছিলো। এখন এটি মেরামত সময় ও ব্যয় সাপেক্ষ। ততোদিন এসব এলাকার মানুষকে বিকল্প পথ বা নৌকা ব্যবহার করতে হবে।
নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা বলেন, ‘বালুবাহী দুটি বাল্কহেডের ধাক্কায় সেতুটি ভেঙ্গে ঝুলে আছে। দুইটি বালুবাহী বাল্কহেডের মধ্যে প্রতিযোগিতার কারণে ধাক্কা লেগে সেতুটি ভেঙ্গে গেছে। সেতুটি ভেঙ্গে যাওয়ায় আসমানিয়া বাজারের সঙ্গে পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ১৫ গ্রামের মানুষের চলাচলের এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীকে।’
তিতাস উপজেলা প্রকৌশলী মো.শহিদুল ইসলাম বলেন, ‘আসমানিয়ায় গোমতী নদীতে নতুন সেতু নির্মান কাজ চলমান। মানুষের চলাচলের জন্য ষ্টীলের পুরনো সেতুটির সঙ্গে কাঠ বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেতুটি নির্মাণ করেছিলাম। আজ দুটি বালুবাহী বাল্কহেডের প্রতিযোগিতার কারণে সেতুটির মাঝের অংশ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে।’
জহির শান্ত/সাদিয়া নাহার/অমিয়/