চট্টগ্রামের কর্ণফুলীতে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের ঘোষিত আনন্দ মিছিল ও আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে পুলিশের দাবি আহতের সংখ্যা ৫ জন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। রাতেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কর্ণফুলী থানাধীন সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য ঘোষিত প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর কর্ণফুলী থানাধীন সেন্টার এলাকায় আনন্দ মিছিল ও সভার আয়োজন করা হয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সমর্থক গ্রুপ। এদের মধ্যে উপজেলা আওয়ামী সভাপতি এমএ মান্নান চৌধুরী সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী হিসেবে পরিচিত। আর উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারী হিসেবে পরিচিত।
বিকাল সাড়ে ৩টার দিকে দুই পক্ষই কাফকো সেন্টার এলাকায় অবস্থান নেয়। এ সময় চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক এসে তার সমর্থকদের সঙ্গে কথা বলে চলে যান। এ সময়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ভিন্ন ভিন্ন সময়ে মিছিল করার সিদ্ধান্ত দেয়। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে মহলখান বাজারের কাছে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের ৬০-৭০ জনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় চেয়ারম্যানের ১৫০-২০০ অনুসারী। এ সময় ব্যাপকহারে চেয়ার ছোড়াছুড়ি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে। এ পরিস্থিতিতে সিইউএফএল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।
এ সময় গুরুতর আহত হয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও বরুমছড়ার সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজ উদ্দিন ও একজন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, ‘বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে আওয়ামী লীগের দুটি পক্ষের আনন্দ মিছিল ও আলোচনা সভা করাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’