চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে নেমে গঙ্গাপূজা করতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ জুন) সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- কুমিরা ৮নং ওয়ার্ডের বাসিন্দা অনীল দাসের মেয়ে খুশি দাস (১২) ও একই এলাকার রানা দাসের মেয়ে কিশোরী দাস (১০)।
জানা গেছে, রবিবার সকালে কুমিরা খালের স্লুইসগেটের দুই পাশে গঙ্গাপূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে সকাল ৮টার পর থেকে সেখানে ভক্তদের ঢল নামে। কুমিরা ফেরিঘাটে অনেক নারী, পুরুষ, শিশু গঙ্গাস্নান করতে যায়। কেউ কেউ কুমিরা জেটির মাঝামাঝি সিঁড়ি দিয়ে স্নান করতে পানিতে নেমে পড়েন। তাদের মধ্যে খুশি ও কিশোরী ছিল।
সকাল সোয়া ১১টার দিকে স্নান করতে সাগরে নামলে জোয়ারের পানিতে তলিয়ে নিখোঁজ হয় তারা। পরে বেলা ১২টার দিকে ওই দুই শিশুর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, সাগরে স্নান করতে নেমে দুই মেয়ে মারা গেছে। এটা খুব দুঃখজনক। সমুদ্রের যে জায়গায় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, ওই দুই শিশু সকাল সোয়া ১১টায় গঙ্গাপূজা করতে সাগরে নামে। এ সময় জোয়ারের পানিতে তারা সাগরে তলিয়ে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারেক মাহমুদ/অমিয়/