বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছে এইচএসসি পরীক্ষার্থী ফারহানা আক্তার আইরিন। লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার জাহানাবাদ গ্রামের আনোয়ার হোসেন মিলনের মেয়ে আইরিন।
এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পালের হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে আইরিনের বাবা আনোয়ার হোসেন মিলন (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মঙ্গলবার (২ জুলাই) সকালে তার পরীক্ষা ছিল। তাই নিরুপায় হয়ে বাবার লাশ বাড়িতে রেখে স্বজনদের সহায়তায় লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজকেন্দ্রে যথারীতি হাজির হয় আইরিন। সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় সে।
স্বজনরা জানান, আইরিনের বাবা আনোয়ার হোসেন মিলন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী ও সদর উপজেলার জাহানাবাদ নোয়া বাড়ির সেকান্দর মিয়ার ছেলে। সোমবার রাত সাড়ে ১০টার সময় পালের হাট থেকে নিজ বাড়িতে ফেরার পথে হার্ট অ্যাটাক করে মারা যান। এ সময় স্থানীয় লোকজন লাশ বাড়িতে নিলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
লক্ষ্মীপুর আইডিয়াল কলেজকেন্দ্রের সহকারী সচিব মো. হাবীবুর রহমান সবুজ জানান, পরীক্ষাকেন্দ্রে আইরিনকে সব রকমের মানসিক সান্ত্বনা ও সহযোগিতা দেওয়া হয়েছে।