নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে বাবার নির্যাতনের শিকার চার বছরের শিশু হোসেনকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফতুল্লা মডেল থানার স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শিশু হোসেনের বাবা সোহেল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটির বাবা সোহেল মাদকাসক্ত ও বখাটে। কয়েক বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদের পর হোসেনকে জোর করে নিজের কাছে নিয়ে আসেন তিনি। এরপর থেকে প্রায়ই শিশুটিকে ঘরে তালাবদ্ধ করে রাখতেন, অনাহারে রাখতেন এবং হাত-পা বেঁধে মারধর করতেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযানের সময় শিশুর বাবা সোহেল পালিয়ে যান। তার খোঁজে কাজ করছে পুলিশ ।
জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, শিশু হোসেন অপুষ্টিতে ভুগছে ও মানসিকভাবে ভেঙে পড়েছে। চিকিৎসা শেষে তাকে সরকারি ছোট মনি নিবাসে রাখা হবে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা নাসরিন জানান, বিষয়টি জানতে পেরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটি বর্তমানে জেলা সমাজসেবা অধিদপ্তরের কাছে রয়েছে। তার সুচিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
বিল্লাল হোসাইন/রিফাত/