রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের ওপর হামলা ও এক নারী শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। সংগঠনটি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে ওই ঘটনার পর পরই অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির দপ্তর সম্পাদক ড. মাহবুব আলম প্রদীপ এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২৩ এপ্রিল ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে একটি দল কলেজে প্রবেশ করে হামলা চালায়। এতে নারী শিক্ষিকা আলেয়া খাতুন হীরা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হন। হামলাকারীদের নেতৃত্বে স্থানীয় এক বিএনপি নেতার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
বিবৃতিতে বলা হয়, দেশের শিক্ষাঙ্গনে ক্রমবর্ধমান সহিংসতা ও মব সন্ত্রাস উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত দেড় বছরে বহু শিক্ষক হামলার শিকার হয়েছেন, প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে শিক্ষকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক শিক্ষক চাকরিচ্যুত, গ্রেপ্তার বা হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বহিষ্কার ও সনদ বাতিলের ঘটনাও বাড়ছে, যা শিক্ষাব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে।
সংগঠনটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, আটক শিক্ষকদের নিঃশর্ত মুক্তি, অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষক-কর্মচারীদের পুনর্বহাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানায়। পাশাপাশি শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের পুনর্নিয়োগের আহ্বানও জানানো হয়।