ভারতের বিখ্যাত কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র কথা কে না জানে। এ বছর মানে ২০২৩ সালের এই কুইজ শো-এর ১৫ তম আসরে অংশ নেয় মায়াঙ্ক। শো-এর হোস্ট ছিলেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে মায়াঙ্কের বুদ্ধিমত্তায় বিমোহিতে হন বিচারক ও দর্শকরা। কিশোর মায়াঙ্ককে কোটি টাকার প্রশ্নে যেতে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। হোস্টের করা একের পর এক প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সাথেই দিয়েছে মায়াঙ্ক। তারপর ১৬তম প্রশ্নে পৌঁছায়। যেটি ছিলো কোটি টাকার প্রশ্ন। সবাইকে অবাক করে দিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েও কোটি টাকা জিতে নেয় মায়াঙ্ক। প্রশ্নটি ছিল, 'কোন ইউরোপীয় মানচিত্রকার সদ্য আবিষ্কার করা মহাদেশের ম্যাপ তৈরি করেছিলেন, যার ওপর আমেরিকা লেখা ছিল?'
A- আব্রাহাম অরটেলিয়াস, B- গেরাদাস মার্কেটর, C- জিওভানি বাতিস্তা অ্যাগনেস এবং D- মার্টিন ওয়াল্ডসিমুলার। মায়াঙ্ক উত্তর দেয় অপশন ডি- মার্টিন ওয়াল্ডসিমুলার। যা ছিল সঠিক উত্তর। প্রশ্নের উত্তর সঠিক হওয়ায় কেঁদে ফেলে মায়াঙ্ক। কারণ সে ইতিমধ্যে কৌন বনেগা ক্রোড়পতির জুনিয়রস উইকে কৌটিপতি হয়ে গেছে। তারপরে সে সাত কোটির প্রশ্নেরও মুখোমুখি হয়। কিন্তু উত্তর জানা না থাকায় গেম থেকে বেরিয়ে আসে।
১৪ বছর বয়সী কিশোর মায়াঙ্ক ভারতের হরিয়ানার মহেন্দ্রগড়ে বাস করে। বর্তমানে অষ্টম শ্রেণির ছাত্র। হরিয়ানার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তাকে টুইটারে এক ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন। তাকে 'জিনিয়াস' আখ্যাও দিয়েছেন। অনুষ্ঠানে যখন মায়াঙ্ক প্রশ্নের উত্তর দিয়ে কোটি টাকা জিতে নেয় তখন মায়াঙ্কের মা বাবাও উপস্থিত ছিলেন। তার ব্যতিক্রমী জ্ঞানের প্রতি আগ্রহকে তার মা-বাবা উৎসাহ দিয়ে থাকেন। মায়াঙ্ক জানায় 'একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার জ্ঞান।'
মা বাবার দিক নির্দেশনাও তাকে অনুপ্রাণিত করেছে। তবে মায়াঙ্কের একটা কষ্টও আছে। উচ্চতায় কম হওয়ার কারণে অষ্টম শ্রেণির ছাত্র মায়াঙ্কর উচ্চতা নিয়ে অনেকেই হাসিঠাট্টা করে-যেটা ওর পছন্দ নয়। হরিয়ানার সর্বকনিষ্ঠ কোটিপতি হয়ে কিন্তু মায়াঙ্ক বুঝিয়ে দিয়েছে- শারীরিক উচ্চতা কখনোই জ্ঞান, বুদ্ধিমত্তা এবং দক্ষতা অর্জনে বাধা হতে পারে না।
জাহ্নবী