ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধের জেরে মো. আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের জসিম উদ্দিন (৪৯) ও তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৪), আবদুর রশিদ (৪১) ও তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন সেনেরচকপাড়া গ্রামের মো. আল আমিনকে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২০ জুন তার চাচা মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। মামলার সব আসামি ও বাদীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী মো. মাহবুব আলম মামুন বলেন, ‘জমি নিয়ে বিরোধে মো. আল আমিনকে হত্যা করে আসামিরা। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৫ আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’
ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ‘শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একই পরিবারের ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।’
ময়মনসিংহ/এসজি/