সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।
গত ৫ মে দ্বিতীয় দফায় মঞ্জুর করা তিন দিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার পুনরায় সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গত ১ মে প্রথম দফায় তাদের চার দিন রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে এ মামলায় তিন দফা রিমান্ড মঞ্জুর করা হলো।
মামলায় বলা হয়েছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, এর সহযোগী ও অঙ্গসংগঠনের সদস্যরা দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গত বছরের ১২ সেপ্টেম্বর বেলা পৌনে ৩টার দিকে রমনা এলাকার রূপায়ন টাওয়ারের সামনে মিছিল করে।
রাষ্ট্রের ক্ষতিসাধনের লক্ষ্যে ষড়যন্ত্রমূলক আসামিরা সরকারবিরোধী স্লোগান দেয়। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করা হয়।
গত ১৯ এপ্রিল রাজধানীর ভাসানটেক এলাকা থেকে চানকে এবং ঠাকুরগাঁও জেলার ইসলামবাগ থেকে মহিদুলকে গ্রেপ্তার করা হয়। পর দিন জুলাই আন্দোলনে নিউ মার্কেটে আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে তিন দফায় ১১ দিন রিমান্ডে নেওয়া হয়েছে।