জানাজার খাটিয়া বহনের সময় ধারাবাহিকভাবে খাটিয়ার চার দিক ধরে বহন করা মুস্তাহাব। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘তোমাদের মধ্যে কেউ যখন জানাজার সঙ্গে থাকে, সে যেন (ধারাবাহিকভাবে) খাটিয়ার চার দিক ধরে তা বহন করে। কারণ এটা সুন্নাহর অন্তর্ভুক্ত।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১১৩৯৭)
আলি আল-আজদি (রহ.) বলেন, ‘আমি হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.)-কে জানাজার খাটিয়া (ধারাবাহিকভাবে) চার দিক ধরে বহন করতে দেখেছি।’ (মুসান্নাফে আবদুর রাজজাক, ৬৫২০)
ফকিহগণ বলেছেন, ‘জানাজার খাটিয়া (ধারাবাহিকভাবে) চার দিক ধরে বহন করার সময় নিয়ম হলো, প্রথমে খাটিয়ার বাম পাশের (মৃত ব্যক্তি হিসেবে ডান পাশের) সামনের হাতল ডান কাঁধে রাখবে। এরপর বরাবর পেছনের হাতল, তারপর ডানপাশের (মৃত ব্যক্তি হিসেবে বাম পাশের) সামনের হাতল বাম কাঁধে রাখবে। অতঃপর বরাবর পেছনের হাতল।
জানাজার খাটিয়া বহনের সময় ধারাবাহিকভাবে চার দিক ধরে দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটার কথা ফিকহের কোনো কোনো কিতাবে বলা হয়েছে। কিন্তু নির্ভরযোগ্য কোনো হাদিসে এ পদ্ধতিতে জানাজার খাটিয়া বহন করার কথা পাওয়া যায় না।
মাজহাবের ইমামরাও জানাজার খাটিয়া বহন করার ক্ষেত্রে শুধু ওপরে বর্ণিত পদ্ধতির কথাই বলেছেন। দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটার কথা বলেননি। তাই দশ দশ কদম করে চল্লিশ কদম হাঁটাকে মুস্তাহাব আমল মনে করা যাবে না। (আলমাবসুত, সারাখসি, খণ্ড: ২, পৃষ্ঠা: ৫৬; তুহফাতুল ফুকাহা, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৪৪)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক