এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো বড় পরীক্ষায় নামতে যাচ্ছে আসরের অন্যতম ফেবারিট পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ দিনে ‘কে’ গ্রুপে দারুণ ফর্মে থাকা কলম্বিয়ার বিপক্ষে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এই গ্রুপের অন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ডিআর কঙ্গো ও উজবেকিস্তান। দুটি ম্যাচই শুরু হবে রবিবার (২৮ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচটি শুধু তিন পয়েন্টের লড়াই নয়। এটি গ্রুপসেরা হওয়ার লড়াই। আত্মবিশ্বাসের লড়াই, আর নকআউটের আগে শক্তির বার্তা দেওয়ার লড়াই। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই শেষ বত্রিশে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। এখন সমীকরণ পরিষ্কার। গ্রুপসেরা হওয়ার জন্য কলম্বিয়ার ড্রই যথেষ্ট। কিন্তু গ্রুপ সেরা হতে হলে পর্তুগালকে জিততেই হবে। অন্যদিকে উজবেকদের হারাতে পারলে অন্ততপক্ষে সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউটে খেলার সুযোগ পাবে কঙ্গো।
কোচ নেস্তর লরেঞ্জোর দল এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে। উজবেকিস্তানকে ৩-১ এবং ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে লস কফেতেরোস। ডিফেন্সে দৃঢ়তা, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং আক্রমণে লুইস দিয়াজের গতি। সব মিলিয়ে কলম্বিয়া বেশ পরিপূর্ণ দল হিসেবেই উঠে এসেছে। অন্যদিকে পর্তুগালের শুরুটা ছিল হতাশার। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর সমালোচনার মুখে পড়ে পর্তুগীজরা। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় আত্মবিশ্বাস ফিরিয়েছে রবার্তো মার্তিনেজের শিষ্যদের। বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল করে নিজে ফর্মে ফেরার পাশাপাশি দলকে চাঙ্গা করেছেন।
এই ম্যাচ নিয়ে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘কলম্বিয়া খুব সংগঠিত একটি দল। তারা জানে কখন আক্রমণ করতে হয়, কখন অপেক্ষা করতে হয়। আমাদের ধৈর্য, নিয়ন্ত্রণ এবং সঠিক মুহূর্তে আক্রমণের মানসিকতা থাকতে হবে।’
পর্তুগাল অধিনায়ক রোনালদো বলেন, ‘বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। আমরা জানি কী করতে হবে। দল আত্মবিশ্বাসী এবং আমরা জয়ের জন্যই মাঠে নামব। কলম্বিয়াকে সম্মান করি, কিন্তু আমরা পর্তুগাল। বড় ম্যাচে বড় পারফরম্যান্স দেখানোই আমাদের লক্ষ্য।’
অন্যদিকে কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো ম্যাচটিকে দেখছেন কঠিন পরীক্ষার মঞ্চ হিসেবে, ‘পর্তুগাল এমন একটি দল যারা এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই ৯০ মিনিট ধরে মনোযোগ ধরে রাখতে হবে।’ কলম্বিয়া অধিনায়ক জেমস রদ্রিগুয়েজ বলেন, ‘আমরা ভয় নিয়ে খেলি না। এই দল বড় ম্যাচ উপভোগ করে। পর্তুগালের বিপক্ষে আমাদের নিজেদের ফুটবলটাই খেলতে হবে।’