সারা বিশ্বের নানা প্রান্তের কিশোর শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়ে নিজের মেধা পাকাপাকিভাবে যাচাই করে নিতে আয়োজিত হয় বিভিন্ন শিক্ষামূলক আন্তর্জাতিক প্রতিযোগিতা। বাংলাদেশি টিনএজার শিক্ষার্থীদের জন্য এমন কিছু প্রতিযোগিতা সম্পর্কে আজকের লেখা।
আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড (আইএসও)
শিক্ষার্থীরা যারা বিজ্ঞান ও গণিত ভালোবাসে তাদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। অন্যান্য দেশের মতো ১৪ থেকে ১৮ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নিতে পারে এই প্রতিযোগিতায়। সাধারণত পদার্থ, রসায়ন, গণিত, কম্পিউটার ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় এখানে। আইএসওর রয়েছে কয়েকটি ধাপ। জাতীয় পর্যায়ে নির্বাচিত হওয়া প্রতিযোগীরাই অংশ নিতে পারে আন্তর্জাতিক পর্বে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)
গণিতের এই উৎসব বাংলাদেশে ইতোমধ্যেই বেশ জনপ্রিয় একটি প্রতিযোগিতা। বাংলাদেশি কিশোর গণিতবিদদের অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রেখেছে কৃতিত্বের স্বাক্ষর। ২০ বছর বয়সের নিচে যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারে গণিত অলিম্পিয়াডে। আমাদের দেশে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের তত্ত্বাবধানে চারটি স্তরে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। বিজয়ী হতে গেলে প্রতিযোগীকে পার হতে হয় সবগুলো ধাপ।
বিশ্ব রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও)
এই প্রতিযোগিতায় অংশ নিয়েও ইতোমধ্যে সাফল্যের ছাপ রেখেছে বেশ কয়েকজন বাংলাদেশি ক্ষুদে ও কিশোর শিক্ষার্থী। প্রযুক্তি ও রোবটিক্স কার্যক্রম যারা ভালোবাসে তাদের জন্যই মূলত ডব্লিউআরও প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা দলগতভাবে রোবট ডিজাইন, তৈরি ও প্রোগ্রামিং করে থাকেন। ৮ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারে এই প্রতিযোগিতায়।
মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন)
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, বিশ্ব ব্যাংক প্রভৃতির সমন্বয়ে ৪-৫ দিনের সম্মেলন অনুষ্ঠিত হয় এই আয়োজনে। তবে মজার বিষয় এই সম্মেলনে কূটনৈতিক হিসেবে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা সমাধানে আলোচনা, বিতর্কতে যোগ দেয় অংশগ্রহণকারীরা। বাংলাদেশি কিশোর-কিশোরীদের জন্য এই আয়োজনে অংশ নিতে পারে ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এবং তরুণদের নিয়ে কাজ করা গোই পিস ফাউন্ডেশন পৃথিবীব্যাপী আয়োজন করে এই রচনা প্রতিযোগিতার। শান্তি, সমাধান ও টেকসই পৃথিবী সম্পর্কিত বিষয়ে সাধারণত রচনা লিখে পাঠায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা। ১৫ থেকে ২৫ বছর বয়সী কিশোর ও তরুণরা অংশ নিতে পারে এই রচনা প্রতিযোগিতায়।