গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। খুব দ্রুতই ফয়সালা আসবে।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল।
রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে তিনি বলেন, ‘এই সরকার ঐকমত্যের সরকার। এই সরকারের প্রতিটি সদস্যের ক্ষেত্রে প্রধান তিনটি রাজনৈতিক দলের সংগতি ছিল। আমাদের জন্য কাজটা অনেক সহজ হতো যদি জুলাই অভ্যুত্থানের পক্ষরা যেভাবে ফ্যাসিস্ট ও হত্যাকারী তাড়িয়েছিল, তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকত। তাহলে আমাদের এত অসুবিধা হতো না। তাহলে মানুষের এত উদ্বিগ্ন হতে হতো না। এখন এই পরিস্থিতির মধ্যে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে, রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব পালন করতে হবে। তারা কী করছে মানুষ তো দেখছে- সব আমাদের ওপর দিলে তো হবে না।’
আইন উপদেষ্টা বলেন, ‘২৭০ দিন আলাপ-আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে, তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাস করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার যে শুধু আমাদের করে যেতে হবে- এটা তো বেদবাক্য না। আমরা যতটুকু পারব করে যাব, পারলে সব করে যাব। নির্বাচিত সরকারও পার্লামেন্টে সংস্কার করতে পারবে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর।’
এসজি/