পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কয়েকশ গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে বিমানের টিকিট দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকার মানিলন্ডারিং মামলা করেছে।
সোমবার (১৩ জুলাই) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, শনিবার (১১ জুলাই) ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানের ভিত্তিতে রাজধানীর মতিঝিল থানায় সাতজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের মধ্যে রয়েছেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম, প্রেসিডেন্ট এম এ রশিদ শাহ সম্রাট, তিন পরিচালক, হেড অব ফাইন্যান্স মো. সাকীব হোসেন ও সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী মোতাহের হোসেন।
২০১৬ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বিভিন্ন সময় গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করলেও অনেক ক্ষেত্রে টিকিট সরবরাহ করেনি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ২০২৫ সালের ১ আগস্ট দেশত্যাগ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ অন্য অ্যাকাউন্টে স্থানান্তর, উত্তোলনের মাধ্যমে টাকার উৎস ও মালিকানা গোপনের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে অর্থ আত্মসাতেরও প্রমাণ পেয়েছে সিআইডি।
সংস্থাটি জানায়, প্রাথমিক অনুসন্ধানে ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিং করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
থিওটোনিয়াস/