বিশ্ববিদ্যালয় হওয়ার পর এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু)। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচনের রোডম্যাপ। রোডম্যাপ অনুযায়ী আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনসহ শিক্ষার্থীদের মাঝে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে এখন সবচেয়ে আলোচিত বিষয় এটি। কারণ, জকসু মানে শিক্ষার্থীদের আশা, দাবি, অধিকার এবং শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের একটি বড় প্ল্যাটফর্ম। জকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন মো. নাজমুল খান
ইব্রাহিম খলিল
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
২০১৯-২০২০ সেশন
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা করার পর আমাদের ক্যাম্পাসে কখনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে করে শিক্ষার্থীরা যেমন নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা করা থেকে বঞ্চিত হয়েছে, তেমনি ক্যাম্পাসও নানামুখী উন্নয়নের মুখ দেখেনি। ছাত্র সংসদ একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব যেমন বের করে আনে, তেমনি সেবা ও জবাবদিহির মানসিকতা তৈরি করে। একটি কার্যকর ছাত্র সংসদ দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায়ও সহায়ক।
একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমার চাওয়া, জকসু (ছাত্র সংসদ) নির্বাচন যেন এ বছর শুধু নয়, প্রতিবছর অনুষ্ঠিত হয়। নিয়মিত না হলে সুফল পাওয়া সম্ভব হবে না।
রায়হান হাসান রাব্বি
ইতিহাস বিভাগ
২০১৭-২০১৮ সেশন
দীর্ঘ ৩৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। যতটা আমেজ রয়েছে তার চেয়ে বেশি রয়েছে দায়িত্ব। কারণ এই ছাত্র সংসদের মাধ্যমে নির্বাচিত হবে শিক্ষার্থীদের প্রতিনিধি। আমি মনে করি ক্যাম্পাসের প্রশাসনের চেয়ে তাদের দায়িত্ব অনেক বেশি থাকবে। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, দীর্ঘ ২০ বছরে তার ৫ শতাংশও কেউ পাইনি। আশা করি জবিয়ানরা এই নির্বাচনের মাধ্যমে তাদের সেই প্রতিনিধি খুঁজে পাবেন, যে এক বছর প্রতিটা জায়গায় গিয়ে শিক্ষার্থীদের সমস্যা শুনবেন ও তার প্রতিকার করবেন। এই নির্বাচন প্রায় সব জবিয়ানের প্রথম ভোটাধিকার প্রয়োগের নির্বাচন। তাই আনন্দ চলুক ক্যাম্পাসজুড়ে।
তৈমুর খান মুবিন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
২০২০-২০২১ সেশন
জকসু হলে রাজনৈতিক দলের ক্ষমতা কমবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের শূন্যতা তৈরি হয়েছে, যা রাজনৈতিক দলগুলোকে সরাসরি ক্যাম্পাসে প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছে। যদি জকসু নির্বাচন হয়, তবে শিক্ষার্থীদের নিজস্ব একটি বৈধ প্রতিনিধি মঞ্চ থাকবে। তখন বাইরের রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ ছাড়াই শিক্ষার্থীদের সমস্যা ও দাবি সংসদের মাধ্যমে আলোচিত হবে।
তা ছাড়া, একাধিক বিশ্ববিদ্যালয়ে সংসদ থাকলে জাতীয় রাজনীতির ভারসাম্য তৈরি হবে এবং কোনো একটি ক্যাম্পাসে অতিরিক্ত ক্ষমতার কেন্দ্র তৈরি হবে না।
ইমরান হাসান ইমন
বাংলা বিভাগ
২০১৯-২০২০ সেশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বহুল আন্দোলনের একটা ফসল। বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নির্বাচন হওয়াতে আমরা সবাই আমোদিত। আমরা চাই, প্রশাসন যে সময় দিয়েছে, সঠিক সময়েই যেন হয়। আমরা এমন প্রতিনিধি বাছাই করব যারা জবির স্বার্থে কাজ করেছে, এখনো কাজ করে যাচ্ছে।
মোকছেদুল ইসলাম
পদার্থবিজ্ঞান বিভাগ
২০২৪-২০২৫ সেশন
জকসু নির্বাচন আমাদের দীর্ঘদিনের দাবি। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা করি এই নির্বাচনের হাত ধরেই জবিতে সব অধিকার আদায়ে আমূল পরিবর্তন আসবে।
হৃদয় দাস
নৃবিজ্ঞান বিভাগ
২০২৪-২০২৫ সেশন
শিক্ষার্থীদের জন্য জকসু হবে একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। সঠিক নেতৃত্ব গড়ে উঠলে আবাসন, পরিবহন, চিকিৎসা ও ক্যাম্পাসের সামগ্রিক উন্নয়নে এটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি অনেক প্রার্থী দেখা যাচ্ছে, ভোটাররাও উচ্ছ্বসিত। আমরা সৎ ও যোগ্য প্রার্থী দেখেই নির্বাচন করব।