কুমিল্লায় ব্যবসায়িক বিরোধে এক বন্ধুকে আরেক বন্ধু কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম উজ্জল হোসেন (২৬)। তাকে বন্ধু আব্দুল আউয়াল (২৫) হত্যা করেছে বলে অভিযোগ। তারা দুজন ভালো বন্ধু ও একই পেশায় নিয়োজিত ছিলেন।
গত রবিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
উজ্জল বেলাশহর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইলেক্ট্রিক ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। আর আব্দুল আউয়াল (২৫) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা দোকানি আব্দুল হাকিম জানান, রাত আনুমানিক ৯টার দিকে তার দোকানের পাশে উজ্জলকে আউয়াল এলোপাথারি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আমরা দোকান থেকে বের হতেই আউয়াল দৌঁড়ে পালিয়ে যায়। আমরা তাকে উদ্ধার করে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। গুরুতর জখম হওয়ায় রাতেই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী বিউটি আক্তার খবরের কাগজ-কে বলেন, 'আউয়াল ও আমার স্বামীর দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। আউয়াল প্রতিদিন আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। দুই বন্ধু মিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও পশ্চিম বেলাশহর এলাকায় ইলেক্ট্রিক ডেকোরেশননের দোকান দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে কাজ করত। এক বছর আগে তাদের মধ্যে দ্বন্দ্ব হলে তারা পৃথক দোকান দেয়। আমার স্বামীর ভাল কাজ ও ব্যবহারের কারণে কাজ বেশি পেতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। তাই ধরণা করছি আমার স্বামীকে আউয়ালই হত্যা করেছে।'
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদি হয়ে হত্যামামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।