চট্টগ্রামের মিরসরাই ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাইয়ের সুফিয়া রোড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
দুর্ঘটনায় নিহত মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) এবং তালপাড়ার হেঞ্জু মিয়ার বাড়ির বখতেয়ার খানের ছেলে মো. ফরিদ (৪২)। আহতরা হলেন মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০) ও শহীদ (৪০)।
পুলিশ জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি পিকআপ ও কাজী বেকারির পণ্যবাহী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় রিকশাভ্যান ও পিকআপ দুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু ও দুইজন আহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত আট যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, চারিয়া এলাকায় একটি ট্রাক ছোট সড়ক থেকে মহাসড়কে উঠছিল। এ সময় চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়িমুখী একটি বাস ওই ট্রাকের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে বাস চালকসহ অন্তত ৭ থেকে ৮ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তারেক/জোবাইদা/অমিয়/