বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে নারীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ঘোষবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাদিয়া সাইক্লোন সেল্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুস ছাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ, জসিম উদ্দিন শাহীন, এ কে এম আলাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার উন্নয়ন অব্যাহত রাখাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওবায়দুল কাদেরকে টানা চতুর্থবারের মতো নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন। এ সময় সহস্রাধিক নারীসহ গ্রামের অসংখ্য পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৯৯৬ সালে প্রথম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য তিনি। এবারও এখানে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী ওবায়দুল কাদের।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৭১৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১০ হাজার ৩৮৮ ও মহিলা ১ লাখ ৯৫ হাজার ৩২৭ জন। দুই উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৩২টি। এর মধ্যে কোম্পানীগঞ্জে ৭০টি এবং কবিরহাটে ৬২টি ভোটকেন্দ্র রয়েছে।
ইকবাল হোসেন মজনু/ইসরাত/অমিয়/