চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সাইফুল আলম (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী চারিয়া আলমগীর কনভেনশন সেন্টারের সামনে সিএনজি উল্টে ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর মুখী সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে গাড়ি চাপা পড়ে মারাত্মক ভাবে আহত হন ব্যাংক কর্মকর্তা সাইফুল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিফাত আরা পপি তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল নাজিরহাট শাখার এক্সিম ব্যাংকের কর্মকর্তা। উপজেলার চিকনদন্ডি ইউপি ৯নং ওয়ার্ডের খন্দকিয়া নুর মোহাম্মদের পুত্র। বর্তমানে তাঁরা পরিবার নিয়ে আমানবাজার নুর মার্কেটের নিচতলায় বসবাস করছেন।
নিহতের ভাই কুলগাও কলেজের প্রভাষক শহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সাইফুল নাজিরহাট এক্সিম ব্যাংক থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! মুন্সির মসজিদ এলাকায় আলমগীর কনভেনশন সেন্টারের সামনে সিএনজি অটোরিকশা উল্টে গাড়ি চাপা পড়ে তাঁর মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি একজন ব্যাংক কর্মকর্তা। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আ.রহিম