চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন পবিত্র ফিলিস্তিন ভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে বর্বরোচিত ইসরায়েলি গণহত্যাকে অমার্জনীয় মানবতাবিরোধী অপরাধ হিসেবে মন্তব্য করে বলেন, গাজা উপত্যকায় উপর্যুপরি ইসরায়েলি বোমা হামলায় এ পর্যন্ত প্রায় ১২ হাজার নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। তার মধ্যে ৮ হাজারেরও বেশি নারী ও শিশু।
ইসরায়েলি হামলার লক্ষ্য বস্তু শুধু সামরিক স্থাপনা নয়। হাসপাতাল, এম্বুলেন্স বহর, শরনার্থী শিবির, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এধরণের বর্বরতা নজীরবিহীন। বাংলাদেশেও নির্বাচন বানচালকারী একটি অপশক্তি বিএনপি জামাতের নেতৃত্বে ইসরায়েলি কায়দায় চোরাগুপ্তা অগ্নি সন্ত্রাস চালিয়ে সরকারি সম্পদ ও স্থাপনার উপর হামলা, পরিবহন জ্বালাও পোড়াও এমনকি রেলগাড়িতেও আগুন দিয়েছে। এই সন্ত্রাসিরাও বর্বর ইসরায়েলি বংশোদ্ভূত এবং মার্কিনী আশীর্বাদ পুষ্ট।
শুক্রবার (১৭ নভেম্বর) বাদ জুম্মা ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফিরিঙ্গী বাজার চত্বরে ফিলিস্তিনে নিরীহ মানুষকে হত্যাকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী বর্বর নির্যাতন ও গণহত্যা চালিয়ে গেলেও মুসলিম উম্মাহ ভূমিকা খুব একটা ফলপ্রসু নয়। ইসরায়েলি বর্বরতার ভয়াবহ চিত্র গণমাধ্যমে উঠে এলেও বাংলাদেশের মানুষও এর বিরুদ্ধে ততটা সরব নয়। তবে আমাদের দেশের মাননীয় প্রধামন্ত্রী ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি মুখর হয়েছে। সংসদে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। অথচ আমাদের দেশের কথিত বিরোধী দল নির্বাচনী ট্রেন থামিয়ে দিতে মানবতাবিরোধী অপকর্মে লিপ্ত রয়েছে। এটা দুঃখজনকই শুধু নয় বর্বরতার পদচিহ্ন। এই পদচিহ্ন মুছে দিতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা এমন পর্যায়ে পৌছেঁছে যে, প্রতিদিন সেখানে প্রায় হাজারের মতো বেসামরিক মানুষ নিহত হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গাজা উপত্যকায় নিহতদের কবর দেওয়ার আর কোন স্থান নেই। পুরো গাজা উপত্যকা এখন কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। মৃতদের দেহ শিয়াল-কুকুর টানাটানি করছে। এই দৃশ্য দেখে যারা এখনো নীরব রয়েছেন তারাও অসভ্য ও বর্বর।
ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের আশরাফুল আলম বাবুল, জামাল আহমেদ সেকান্দার, আশীষ চৌধুরী পিন্টু, রেজাউল্লাহ খোকন, মোঃ ইলিয়াছ, এড. তপন দাশ, সাবেক ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দীন, ফরহান আহমেদ, মো. হোসেন, মো. জোবায়ের কাকী, মো. হারুনুর রশিদ, মো. মাসুদ করিম, আবুল মনছুর চৌধুরী খোকন, ইসতেহার উদ্দীন পারভেজ প্রমুখ।
এআর