বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) সাতকানিয়ার কেঁওচিয়া মডেল মসজিদের সামনে রাস্তার মাথা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কারা বাসগুলোতে আগুন দিয়েছে বা কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি পুলিশ।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, ‘পুড়ে যাওয়া বাসগুলো বড় যাত্রীবাহী বাস। এগুলো মডেল মসজিদের একটু দক্ষিণে তাদের নিজস্ব ডিপোতে পার্ক করা ছিল। ওদেরও পাহারাদার ছিল, তারা কিছু বলতে পারছে না- কিভাবে বাস তিনটিতে আগুন লেগেছে। সেটা তদন্ত করা হচ্ছে।’
পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল করত।
এ বিষয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার হুমায়ুন কার্নায়েন খবরের কাগজকে বলেন, ‘ভোররাত আনুমানিক চারটার সময় সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় আগুনে পুড়তে থাকা একটি বাস অটোমেটিক স্টার্ট হয়ে আমাদের গাড়িতে (ফায়ার সার্ভিস) আঘাত করে। এতে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।’
এদিকে রবিবার (১৯ নভেম্বর) রাতে নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। আটক দুজন হলেন- চট্টগ্রাম মহানগরের ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও তার সহযোগী বিএনপিকর্মী মো. মাইনুদ্দিন।
তবে বিএনপির অভিযোগ, মশাল মিছিল বের করার সময় দুজনকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।
অপরদিকে চন্দনাইশে বাসে আগুন দেওয়ার সময় দুই বিএনপিকর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এরা হলেন- জাহেদ (১৯) ও জাকির হোসেন (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম।
দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘তারা আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল। কিছু মশাল ও কেরোসিনসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ইফতেখারুল/সাদিয়া/অমিয়/