অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক উপাদান ও পোড়া তেল ব্যবহার করায় চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) নগরের কালুরঘাট বিসিক শিল্প ও কর্ণফুলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
তিনি বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল, অসম্পূর্ণ লেভেলিং ও মেয়াদে কারসাজি করায় কালুরঘাট বিসিক শিল্প এলাকার বিএসপি ফুড প্রোডাক্টস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পোড়া তেলের ব্যবহার এবং মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করে মিষ্টিজাতীয় খাবার উৎপাদন করায় কর্ণফুলী এলাকার নূর সুইটসকে এক লাখ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।’
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে গত সোমবার অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত রঙ ও রাসায়নিক (হাইড্রোজ) ব্যবহার, ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীদের দিয়ে খাদ্যপণ্য উৎপাদন, অসম্পূর্ণ লেভেলিং ও পোড়া তেল ব্যবহার করায় মধুবন সুইটস ইন্ডাস্ট্রিস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যের গায়ে অগ্রিম উৎপাদন এবং মেয়াদের তারিখ স্থাপন ও লাইসেন্স না থাকায় হোসেন ফুড অ্যান্ড কোম্পানিকে (ডায়মন্ড সেমাই অ্যান্ড নুডলস) দুই লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
তারেক/পপি/অমিয়/