হুমকি, বিরোধ, অভিযোগসহ নানা বিষয়ে মানুষের বিরুদ্ধে মানুষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা আমরা প্রায়ই শুনি। তবে এবার চট্টগ্রামে বন্যপ্রাণীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন এক ব্যবসায়ী। জিডিতে তিনি তার দোকানে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছেন হাতির পালের বিরুদ্ধে।
ঘটনাটি জেলার আনোয়ারা থানার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক আমুরপাড়া গ্রামের।
রবিবার (৩১ ডিসেম্বর) আমুরপাড়া গ্রামের আব্দুল হাকিম নামে ওই মুদি দোকানদার আনোয়ারা থানায় এই জিডি করেন।
জিডিতে তিনি দাবি করেন, হাতির পাল তার সম্পত্তির বিস্তর ক্ষতি করেছে।
আনোয়ারা থানাসূত্রে জানা যায়, রবিবার সকাল ৫টার দিকে হাতির পাল মুদি দোকানে হামলা চালায়। হাকিম তখন দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন। তবে আক্রমণের সময় অক্ষত অবস্থাতেই পালাতে সক্ষম হন তিনি। হাতির দল দোকানের জানালার গ্রিল ভেঙে চাল, গম, চিনি, আটা, ভুসিসহ বিভিন্ন জিনিসপত্রের ব্যাপক ক্ষতি করে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন এই দোকানি।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ খবরের কাগজকে বলেন, ‘হাতির আক্রমণ এবং পরে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে এমন অভিযোগের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রায় আমরা এমন অভিযোগ পেয়ে থাকি। ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে সক্রিয়ভাবে বিষয়টি তদন্ত করছে।’
মনির/জোবাইদা/অমিয়/