রাজমিস্ত্রি থেকে ক্রেডিট কার্ড প্রতারক হয়ে উঠেছেন মো. সোহান মীর সোহাগ (৩৩) নামে এক ব্যক্তি। এক সময় রাজমিস্ত্রি থাকলেও বর্তমানে তিনি ক্রেডিট কার্ড চক্রের অন্যতম টিম লিডার।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের স্পেশাল টিম অভিযান চালিয়ে নগরীর কোতোয়ালি থানাধীন হোটেল প্যারামাউন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর-পশ্চিম) মো. আলী হোসেন। সোহাগ মাগুরা জেলার শ্রীপুর থানার দাঁড়িয়াপুর ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়ার বাসিন্দা।
তার কাছ থেকে ১৯টি সিম, ২টি মোবাইল ও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রামসহ দেশব্যাপী প্রতারণার মাধ্যমে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) ও ক্রেডিট কার্ড থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগ চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কাজ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে প্রতারক মো. সোহান মীর সোহাগকে গ্রেপ্তার করা হয়।
সোহাগ অসংখ্য সিম ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আন্তজেলা মোবাইল ফিন্যানশিয়াল প্রতারক চক্র ও অবৈধ অর্থ প্রবাহ সিন্ডিকেটের শীর্ষ সদস্য হয়ে উঠেন তিনি। দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। তার অধীনে সারা দেশে কাজ করে অর্ধশতাধিক সদস্যের প্রতারক চক্র। যারা দৈনিক আড়াই থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিত প্রতারণার মাধ্যমে।