ভোটার স্লিপ বিতরণের কেন্দ্রে কর্মীদের বসতে না দেওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী এম এ লতিফের মনোনীত ১৩ এজেন্ট কেন্দ্র ছেড়ে চলে গেছেন।
রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-১১ আসনের ২৮ নম্বর ওয়ার্ডে পাঠানুটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এই কেন্দ্রে নারী ও পুরুষের তিনটি ভোট বুথ রয়েছে। এই তিন কেন্দ্রে এম এ লতিফের এজেন্টরা সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন। পরে ভোটার স্লিপ বিতরণ কেন্দ্রে কর্মীদের বসতে না দেওয়ায় একটি পুরুষ বুথ থেকে ৬ জন ও একটি নারী বুথে দায়িত্বে থাকা ৭ জন নৌকার এজেন্ট চলে যান।
পুরুষ বুথের প্রিসাইডিং অফিসার মীর মোহাম্মদ শিবলী খবরের কাগজকে বলেন, ‘তারা ৬ জন নৌকার এজেন্ট কিছু না বলেই চলে যান। শুনেছি বাইরে তাদের ভোটার স্লিপ বিতরণের কেন্দ্রে কর্মীদের বসতে না দেওয়ায় তারা চলে গেছেন। আমরা অনেকবার বলেছি। তবুও তারা চলে গেছেন।’
নারী বুথের প্রিসাইডিং অফিসার তাজুল ইসলাম বলেন, ‘আমার কেন্দ্র থেকে ৭ জন নৌকার এজেন্ট চলে গেছেন। বেলা ১১টা পর্যন্ত মাত্র ১০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। আমার কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৭৮ জন। বর্তমানে নৌকায় ভোট বন্ধ রয়েছে। তারা চলে গেলে আমার কিছু করার নাই। অনেক বলে বুঝিয়েছি। ঝামেলা বাইরে হয়েছে। ভেতরে কিছু হয়নি।’
এম এ লতিফের ছেলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ‘দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রে ভোটারদের যেতে দেওয়া হচ্ছে না। ভয়ভীতি দেখানো হচ্ছে। কয়েকজনকে মারধর করা হয়েছে। আমরা দাবি জানাই, ওই দুটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হোক।’
এমকে মুনির/ইসরাত চৈতি/অমিয়/