চাঁদা না পেয়ে লাইনম্যানকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে কক্সবাজারের সেন্ট মার্টিন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতির বিরুদ্ধে।
রবিবার (১৪ জানুয়ারি) সেন্ট মার্টিন বাজারে এই ঘটনা ঘটেছে। দুপুরের এই ঘটনায় সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন মারধরের শিকার মো. হামিদ। তিনি সেন্ট মার্টিন পূর্বপাড়া এলাকার বাসিন্দার। মো. হামিদ সেন্ট মার্টিন অটোরিকশা, মিনি টমটম ও ভ্যান গাড়ি মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক।
মো. হামিদ বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে গতকাল আমিসহ পাঁচজন লাইনম্যানে দায়িত্ব পালন করছিলাম। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে আমরা গাড়িগুলো সারিবদ্ধ করে রাখছিলাম। ওই সময় সেন্ট মার্টিন ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি সালাউদ্দিন মোবাইল ফোনে আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অনীহা প্রকাশ করায় সালাউদ্দিনের নেতৃত্বে ছয়-সাতজন লোক এসে আমাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। এ ঘটনায় আমি সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছি।’
এই বিষয়ে সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন বলেন, মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত সেন্ট মার্টিন শ্রমিক লীগের সভাপতি সালাউদ্দিন বলেন, ‘লাইনম্যানের সঙ্গে আমার মারামারি হয়নি। হাতাহতির ঘটনা ঘটে। তবে চাঁদা দাবির বিষয়টি বানোয়াট।’
সেন্ট মার্টিন অটোরিকশা সমবায় সমিতির সভাপতি মো. ইসহাক বলেন, ‘আমাদের সংগঠন সরকারি রেজিস্ট্রেশনভুক্ত। তিন বছর ধরে এই সংগঠন পরিচালনা করছি। কয়েক দিন ধরে শ্রমিক লীগ নেতারা আমাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অনীহা প্রকাশ করায় রবিবার মো. হামিদকে শ্রমিক লীগ নেতারা ব্যাপক মারধর করেছেন।’