ফেনীর সীমান্তবর্তী উপজেলা ফুলগাজীর ভারত-বাংলাদেশ সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে কয়েক হাজার বানর। ভারত থেকে দল বেঁধে নেমে আসা এসব বানর নষ্ট করছে ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের পৈথারা, ফখিরের খিল, কামাল্লা, বদরপুর ও জামমুড়া এলাকার কৃষকদের শীতকালীন সবজিসহ অন্যান্য ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছেন ৫ গ্রামের প্রায় আড়াই শতাধিক কৃষক। এদিকে ফসল উৎপাদন করে লাভের পরিবর্তে পুঁজি তুলতে না পারার শঙ্কায় দিন কাটছে তাদের। দিনের বিভিন্ন সময় দল বেঁধে আলু, বেগুন, বরবটি, সিম, লাউ, কোমড়াসহ বিভিন্ন সবজির খেতে হানা দিয়ে ফসল নষ্ট করছে এসব বানর। বাড়িতে ঢুকে খেয়ে ফেলছে রান্না করা খাবার। বানরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বন বিভাগের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।
তারা বলছেন, ভারতের অন্য রাজ্যে বানরের উৎপাত বেড়ে যাওয়ায় দেশটির সীমান্তরক্ষী বিএসএফ কয়েক হাজার বানর এনে ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলে অবমুক্ত করেছে। সেই বানরগুলোই বনাঞ্চলে খাবার না পেয়ে দলে দলে কাঁটাতার পেরিয়ে ছুটে আসছে বাংলাদেশের লোকালয়ে। আগে শীতকালে এসব এলাকায় ৫-১০টা বানর দেখা গেলেও এবারই এতগুলো বানর একসঙ্গে ফসলের মাঠে হানা দিচ্ছে।
স্থানীয়দের দাবি, একসঙ্গে প্রায় দুই-তিন হাজার বানর দল বেঁধে ফসলের খেতে আক্রমণ চালায়। এ সময় মাঠে থাকা ৪-৫ জন কৃষক লাঠিসোঁটা নিয়ে তাড়ালেও তারা ভয় পায় না।
ফকিরের খিল এলাকার কৃষক ওমর ফারুক বলেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে প্রায় ৪৪ ডেসিমেল জমিতে লাউ, বেগুন, আলু ও মরিচ চাষ করেছি। গত এক মাস ধরে বানরের দল এসে আমাদের অনেক ফসল নষ্ট করেছে। বানরের দল আমার লাউ ও বেগুন খেতে ঢুকে অনেক লাউ ও বেগুন খেয়ে ও ছিঁড়ে ফেলেছে। কয়েকটি আলু খেতের গাছ উপড়ে ফেলেছে। এতে এ বছর লাভ তো দূরের কথা, প্রায় ১ লাখ টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা করছি।’
নূর উল্লাহ নামে আরেক কৃষক বলেন, ‘একটা-দুটা বানর হলে আমরা তাড়াতে পারতাম। একসঙ্গে চার-পাঁচশ বানর তাড়ানো সম্ভব নয়। কৃষকের অনুপস্থিতি বুঝেই বানরের দল ফসলের মাঠে ঢুকে পড়ে। কোনোভাবেই বানরের উৎপাত ঠেকানো যাচ্ছে না।’
পৈথারা এলাকার কৃষক মোস্তফা কামাল বলেন, ‘বানরের দল ধানের চারা নষ্ট করে ফেলছে। শীতকালীন সবজি খেতের ফসল নষ্ট করছে। এজন্য অনেক কৃষক এবার চাষাবাদও করতে চাচ্ছে না।’
সোলায়মান নামে এক কৃষক বলেন, ‘ফল ও সবজি বাগানে ঢুকে মুহূর্তে সব তছনছ করে ফেলছে বানরের দল। এত বানরের উৎপাত ঠেকানো আমাদের পক্ষে সম্ভব নয়।’ বন বিভাগ কিংবা কৃষি বিভাগ থেকে বানর উৎপাত ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।
মুন্সীরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, কয়েক মাস ধরে ভারত থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসে বানরের দল। ফল ও ফসল নষ্ট করায় অতিষ্ঠ স্থানীয়রা। ফসল রক্ষায় বানর তাড়ানোর জন্য বন বিভাগের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ ফেনীর উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সীমান্ত এলাকায় হাতি ও বানরের উৎপাতের সংবাদ পাওয়া যায়। তবে ফেনীতে হাতির উৎপাত নেই। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কয়েকটি এলাকায় বানরের উৎপাতের বিষয়টি শুনেছি। বানর বন্যপ্রাণী, তাই এদের না খেপিয়ে কৌশলে ভয়ভীতি দেখিয়ে তাড়াতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বন বিভাগ ফেনীর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, ‘বানরগুলো বনাঞ্চলের খাবারসংকটের কারণে মূলত লোকালয়ে নেমে এসেছে। বানর নিরীহ প্রাণী, এদের মারা যাবে না। আগুন জ্বালিয়ে, ধোঁয়া দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে বানরগুলো তাড়াতে হবে। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে সীমান্তবর্তী এলাকায় বন বিভাগের লোকবল পাঠানো হবে।’