চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র.) এর তিন দিনব্যপী ২৮তম ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ‘হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র.) এর জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ডের সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন বলেন, হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী একজন খাঁটি অলি আউলিয়ার আশেকান ও খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তিনি আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে আওয়ামী লীগের দায়িত্ব পালন করে গেছেন। নিঃস্বার্থভাবে মানবকল্যাণ করে গেছেন। পার্থিব জীবনের প্রতি তাঁর কোন মোহ ছিলনা।
তিনি বলেন, আবদুল হাকিম শাহ্ আল্লাহ, আল্লাহ রাসুল, অলি আউলিয়া এবং তার মুর্শিদের প্রতি ছিলেন একনিষ্ট আসক্ত। আদব, আখলাক, সরাফত এবং রিয়াজতের মাধ্যমে অনন্য ছিলেন। সাদাসিদে জীবন যাপন এবং ন্যায় নীতি ও সত্যের উপর ছিল তার জীবনাচার। প্রজন্মকে এ কামিল মানুষটির জীবনচরিত অনুস্মরণের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, আমার পিতার দোয়ায় আমরা আজ প্রতিষ্ঠিত। ধন, সম্পদ, টাকা-পয়সা সবই আল্লাহর নেয়ামত। আমরা আল্লাহর পথে অলি আউলিয়াদের খেদমতে, আর্তমানবতার সেবায় উপার্জিত ধন সম্পদের একটি অংশ ব্যয় করে যাচ্ছি। পিতার দেখানো পথই আমাদের সকল কর্মকাণ্ড। সেবার অংশ হিসেবে আমরা ১০৩টি সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এ সকল প্রতিষ্ঠান মানবকল্যাণে নিবেদিত। আমার পিতা একজন নিঃস্বার্থ মানবসেবক ছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করে কাল-কেয়ামত পর্যন্ত মানবসেবা যাতে জারি থাকে এটাই আমাদের কামনা।
বিশেষ অতিথি ছিলেন- হযরত শাহসুফি ছৈয়দ নাজমুল হুদা আল মাইজভান্ডারী, হযরত শাহছুফি ছৈয়দ নাজিম উদ্দিন আল মাইজভান্ডারী ও দরবারে মুসাবিয়ার হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ তৈয়ব উল্লাহ সিদ্দিক (ম.জি.আ)।
আরও আলোচনা করেন- আওয়ামী লীগ নেতা লোকমান আলী, মিসেস দেলোয়ারা বেগম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।
ইফতেখার/অমিয়/