চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে ও শহরের বড় স্টেশন যাত্রীবাহী ট্রেন থেকে পৃথক অভিযানে ৭ হাজার ৫০০ কেজি (১৭৮.৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (২৭ জানুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পৃথক যৌথ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চরভৈরবী মাছঘাটের উদ্দেশে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ হতে আসা দুটি ট্রলারে থাকা ৫ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।
তা ছাড়া দুপুরে অপর অভিযানে চাঁদপুর রেলওয়ে স্টেশনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে বক্সে থাকা ১ হাজার ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড স্টেশনে এসব জাটকা বিতরণের সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক আবদুস সাত্তার, চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম, চাঁদপুর ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ কোস্টগার্ড সদস্যরা।
শরিফুল ইসলাম/ইসরাত চৈতি/অমিয়/