সাতক্ষীরার কলারোয়ায় ইটভাটার মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মফিজুল ইসলাম (৫৮) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে সাতক্ষীরার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বিকেলে কলারোয়া উপজেলার দমদম এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি।
মফিজুল ইসলাম কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি মোটরসাইকেলে কলারোয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার দমদম এলাকায় এনবি ব্রিকসের মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হন মফিজুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজুল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খবরের কাগজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুল শাহাদাৎ/জোবাইদা/অমিয়/