চট্টগ্রামে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত এক আসামিকে দুই ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’
আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া ওই আসামির নাম সাইফুল করিম খান (৪৫)। তিনি নগরের হালিশহর এলাকার বজলুল করিম খানের ছেলে।
এর আগে রবিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রথম যুগ্ম মহানগর আদালতে একটি চেক প্রতারণা মামলায় সাইফুল করিমকে ছয় মাসের সাজা দেন বিচারক শহীদুল ইসলাম।
জানা গেছে, রবিবার (২৮ জানুয়ারি) আসামি সাইফুলের বিরুদ্ধে চেক প্রতারণা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এদিন তিনি নিজ থেকেই আদালতে হাজির হয়েছিলেন। রায় ঘোষণার পর এজলাস থেকে কারাগারে নেওয়ার গাড়িতে তোলার সময় বেলা ১টার দিকে পালিয়ে যান তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, ‘চেক প্রতারণা মামলায় ওই আসামিকে ছয় মাসের সাজা দেন আদালত। কারাগারে পাঠাতে গাড়িতে তোলার সময় তিনি পালিয়ে যান। পরে তাকে আবার গ্রেপ্তার করা হয়।’
এমকে মনির/ইসরাত চৈতি/অমিয়/