চট্টগ্রাম নগরের টেক্সটাইল মোড় থেকে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- মো. ইব্রাহিম (২৪), মো. হাসান (২২), মো. সিপন (২৩) ও মো. সাকিল (২৩)।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি রাত ৯টার দিকে নগরের পলিটেকনিক্যাল মোড়ের বড় মসজিদের সামনে যাত্রীর জন্য অবস্থান করছিলেন অটোচালক ইব্রাহীম খলিল (৩৮)। এ সময় চার ছিনতাইকারী নগরের অক্সিজেন এলাকায় যেতে ১০০ টাকা ভাড়া দরদাম করে অটোরিকশায় ওঠেন। গাড়িটি টেক্সটাইল মোড়ের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে পাকা রাস্তার ওপর উঠলে একজন নামার কথা বলে গাড়ি থামাতে বলেন। এ সময় ছিনতাইকারীরা চালককে টেনেহিঁচড়ে অটোরিকশা থেকে নামায়। পাশাপাশি অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
গত ১ ফেব্রুয়ারি বায়েজিদ থানায় মামলা দায়ের করেন অটোরিকশার মালিক।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গত ১ ফেব্রুয়ারি বিকেলে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম, সাকিল ও হাসানকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে তথ্য নিয়ে সিপনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর ছিনতাই করা অটোরিকশাটি বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার বি-ব্লক ২নং রোড থেকে উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে গাড়ির একটি রেজিস্ট্রেশন সনদ, একটি ট্যাক্স টোকেন, একটি ফিটনেস সনদ ও একটি রোড পারমিট জব্দ করা হয়।
ইফতেখারুল/ইসরাত চৈতি/অমিয়/