মৎস্যসম্পদ ধ্বংসকারী ও অন্য ক্ষতিকর জাল অপসারণের লক্ষ্যে চাঁদপুরের মেঘনা নদীতে পৃথক ৩টি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল, ১টি বেহুন্দি, ৮টি মশারি জাল এবং ২৮ কেজি জাটকা জব্দ করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি বলেন, “বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুর সদরে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ‘কম্বিং অপারেশন’ চালানো হয়। এর মধ্যে সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৪ কেজি জাটকা জব্দ করা হয়। বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযানে জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ১টি মশারি জাল এবং ৪ কেজি জাটকা জব্দ করা হয়। দিনের সর্বশেষ অভিযান পরিচালনা করা হয় সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ সময় জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি বেহুন্দি ও ৭টি মশারি জাল।”
তিনি আরও বলেন, ‘জব্দকৃত সব ধরনের জাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত জাটকা স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।’
এসব অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক আহমেদ, সদর উপজেলার ক্ষেত্র সহকারী জামিল হোসেন, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা।
শরীফুল ইসলাম/সাদিয়া নাহার/