ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আটটি পুরাতন স্কুল ভবন কম দামে নিলামে বিক্রির অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম শান্তুনু চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য সচিব হলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এ তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক বলেন, ‘রবিবার (১১ ফেব্রুয়ারি) থেকে তদন্ত কাজ শুরু হবে। দ্রুত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
এর আগে গত ১ ফেব্রুয়ারি উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ‘জলের দরে’ এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিলাম কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার। নিলামের সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন ও উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, একটি সিন্ডিকেট নিলাম কমিটিকে ম্যানেজ করে কম দামে ভবনগুলো কিনে নেয়। সরকারি নিলামের কিছুক্ষণ পরই আবারও নিলাম করে একেকটি ভবন দেড় লাখ থেকে দুই লাখ টাকায় বিক্রি করা হয়।
এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে খবরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। পরে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বিদ্যালয় নিলামের বিষয়টি নজরে আসলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
জুটন বনিক/সাদিয়া নাহার/অমিয়/